শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১

প্রেমিক - জয় গোস্বামী

 

প্রেমিক

জ য় গো স্বা মী

তুমি আমাকে মেঘ ডাকবার যে বইটা দিয়েছিলে একদিন
আজ খুলতেই দেখি তার মধ্যে এক কোমর জল।
পরের পাতায় গিয়ে সে এক নদীর অংশ হয়ে দূরে বেঁকে
গেছে।

আমাকে তুমি উদ্ভিদ ভরা যে বইটা দিয়েছিলে
আজ সেখানে এক পা-ও এগোনো যাচ্ছে না, এত জঙ্গল।
গাছগুলো এত বড় হয়েছে যে মাটিতে আলো আসতে
দিচ্ছে না।

তুমি আমাকে ঝর্ণা শেখবার যে বইটা দিয়েছিলে
আজ সেখানে মস্ত এক জলপ্রপাত লাফিয়ে পড়ছে
সারাদিন।

এমনকি তোমার দেওয়া পেজ-মার্কের সাদা পালকটাও
যে বইতে রেখেছিলাম, সেখানে আজ
কত সব পাখি উড়ছে, বসছে, সাঁতার কাটছে।
তোমার দেওয়া সব বই এখন মরুভূমি আর পর্বতমালা,
সব বই আজ সূর্য, সব বই দিগন্ত …

অথচ আজকেই যে আমার লাইব্রেরি দেখতে আসছে বন্ধুরা
আমার পড়াশোনা আছে কিনা জানার জন্য! তাদের আমি
কী দেখাবো? তাদের সামনে কোন মুখে দাঁড়াবো আমি!

রবিবার, ৫ জুলাই, ২০২০

তোমার বিষাদগুলি – পুর্ণেন্দু পত্রী

তোমার বিষাদগুলি করতলে তুলে নিতে দাও
ওষ্ঠপুটে রাখি।

ভীষণ বৃষ্টির শব্দ সারাদিন স্মৃতির ভিতরে।
একাকিনী বসে আছ বৃষ্টির ভিতরে
বালুকাবেলায়
কবেকার উইয়ে-খাওয়া ছবি।
তোমার বিষাদগুলি করতলে তুলে নিতে দাও
ওষ্ঠপুটে রাখি।

মানুষের ভীষণ বিষাদ
একদিন বেজেছে মন্দিরে শঙ্খ-ঘন্টা রবে।
মানুষের মহান বিষাদ
ভাষ্কর্যখচিত স্তম্ভে একদিন ছুঁয়েছে আকাশ।
আজ ভীষণ নীরব।

জলের ভিতরে ছুরি ঢুকে গেলে
আর্তনাদহীন।

রক্তের ভিতরে কান্না ঢুকে গেলে
প্রতিবাদহীন।

যে যার উদ্যানে ছায়াতলে
পুষ্পের ভিতরে অগ্নি জ্বলে
সুগন্ধ শোকের সম্মূখীন।
তোমার বিষাদগুলি ওষ্ঠপুটে তুলে নিতে দাও
করতলে রাখি।

আরম্ভের সব কিছু প্রতিশ্রুতিময়।
আরম্ভে সকল গাছই সুসাস্থ্য সবুজ।
আরম্ভে সকল মুখে কলমীলতার ছাঁদে সাদা আলপনা
সব কথা রাখালের বাঁশি
আরম্ভে সকল চোখ চশমা ও কাজল ছাড়া সরল হরিণ।
আরম্ভের সব কিছু প্রতিশ্রুতিময়।
অতিশয় বিচক্ষণ হতে গিয়ে যত কিছু অদল-বদল
চোখে ছানি, গালে ব্রণ, বুকে লোম
নখে রক্তপাত
লালসা ও লোভ
ডুমুর ফলের মতো গুচ্ছ গুচ্ছ এটেঁ যার দাঁতের মাড়িতে।

অতিরিক্ত লালসায় গাছ দীর্ঘ হয়।
আরও উচু হলে আরও অনেক আকাশ
এই ভেবে জিরাফের গ্রীবা ছুঁড়ে গাছ দীর্ঘ হয়।
বাতাসে হলুদ পাতা বাসী ফুল পতনে মূর্ছায়
স্তুপাকার, জলে-স্থলে শোকধ্বনিময়।

অন্যখানে আরও বেশি ভালোবাসা সোনার সিন্দুকে
এই লোভে শৈশবের রূপকথা রাজপুরী ভাঙে
ডুরে শাড়ী বদলে যায়, বিনুনীতে সাপের গড়ন
ঈর্ষার কাজল চোখে, দাঁতের হাসি ধবল করাত।

যে যতই দূরে যাক
অবশেষে সকলেরই ফিরে আসা স্মৃতির ভিতরে বৃষ্টিপাতে
অনুশোচনায় বালি ঘাঁটাঘাঁটি বালুকাবেলায়।
তোমার বিষাদগুলি করতরে তুলে নিতে দাও
ওষ্ঠপুটে রাখি।

সমস্ত আরম্ভ জুড়ে মানুষের আলুথালু কত ছোটাছুটি
কুসুম-কুড়ানো কত ভোরবেলা, কুসুমের মতন কাঁকরও
পকেটে কত কি ছবি, আয়নাভাঙা, আতশবাজীর ফুলঝুরি
দোলের আবীর, বাঁকা রেকর্ডের গান, আঁচলে কত কি
মনোহর মন্ত্রধ্বনি, পালকি যায় পাখী যেতে পারে যত দূর।

আরম্ভের সব কিছু এইরূপ প্রতিশ্রুতিময়।
ক্রমে,
ভীষণ নীরবে
প্রতিশ্রুতি, গাছ ও মানুষ
একযোগে হরিতাভ হয়।

ক্রমে, ভীষণ নীরবে
চোখের কাজল, বেণী, বিত্রিত আঁচল
সোনার সিন্দুক, সব সতকর্তা, সাফল্যের স্ফীতকায় ঘাড়
স্তম্ভ, দম্ভ, জঙ্ঘা, ঊরু, গর্ব অহংকার
সবকিছু থেকে, চেয়ানো ঘামের মত অদ্ভুত বিষাদ।
অবশেষে বৃষ্টিপাত স্মৃতির ভিতরে
বালুকাবেলায়।
তোমার বিষাদগুলি ওষ্ঠপুটে তুলে নিতে দাও
করতলে রাখি।

সভ্যতা সময় কিংবা মানুষের মহাইতিহাস
এত শোকে তবুও মরেনি।
কারণ মানুষ
এখনো নিজের করতলে
তুলে নেয় অন্যের বিষাদ।
আকাশ পাতাল থেকে এত বিষ, বারুদ ও জীবানু সত্ত্বেও
এখনো মানুষ
অন্য কিছু মহত্তম সুধার আশায়
ওপরের ওষ্ঠ থেকে তার সব মলিন বিষাদ
শুষে নিতে চায়

এখনো বিষাদ পাবে বলে
পুরুষ নারীর কাছে যায়
নারীরা নদীর কাছে যায়
নদীরা মাটির কাছে যায়
মাটি আকাশের দিকে চায়।

তোমার বিষাদগুলি করতলে তুলে নিতে চাও
ওষ্ঠপুটে রাখি।

শুক্রবার, ৩ জুলাই, ২০২০

হে সময়, অশ্বারোহী হও – পুর্ণেন্দু পত্রী

বিরক্ত নদীর মতো ভুরু কুঁচকে বসে আছে আমাদের কাল।
যাচ্ছি যাব, যাচ্ছি যাব এই গড়িমসি করে চূড়ো ভাঙা চাকা ভাঙা রথ
যে রকম ঘাড় গুজে ধুলোয় কাতর, সে রকমই শুয়ে বসে আছে।
খেয়াঘাটে পারাপার ভুলে-যাওয়া, নৌকার মতন, সময় এখন।

মনে হয় সময়ের পায়ে ফুটে গেছে দীর্ঘ পেরেক বা মনসার কাঁটা
ছিড়ে গেছে স্ম্যান্ডেলের স্ট্র্যাপ কিংবা জুতোর গোড়ালি
মনে হয় তার সব কোটপ্যান্ট ধোবার ভাটিতে
হয়তো বা কোনও এক লেকা্যাল ট্রেনের হু হু ভিড়ে
চুরি হয়ে গেছে পার্স, পার্সে ছিল অগ্রিম টিকিট।

প্রতিশ্রুতি দিয়েছিলে নিয়ে যাবে পাহাড়ের সোনালী চূড়োয়
প্রতিশ্রুতি দিয়েছিলে আকাশের সিথি থেকে সিদুরের টিপ এনে দেবে
প্রতিশ্রুতি দিয়েছিলে নক্ষত্রের ক্যামেরায় ছবি তুলে উপহার দেবে অ্যলবাম
প্রতিশ্রুতি দিয়েছিলে কলকাতায় এন দেবে শঙ্খের সাগর।

প্রতিশ্রুতি যত্রতত্র ছড়াবার ছিটোবার কথ, থুতু, মলমুত্র নয়
প্রতিশ্রুতি লাল নীল পতাকার ব্যতিব্যস্ত ওড়াউড়ি নয়
প্রতিশ্রুতি প্রেসনোট, দৈববাণী, দেয়ারের লিপিচিত্র নয়।
প্রতিশ্রুতি শীতের চাদর
প্রতিশ্রুতি ভাঙা চালে খড়
প্রতিশ্রুতি সাদা ভাত, ভাতে দুধ, দুধে ঘন সর
প্রতিশ্রুতি চেতনার স্তরে স্তরে সপ্তসিন্ধুজলের মর্মর।

হে সময়, হে বিকলাঙ্গ বিভ্রান্ত সময়
কানা কুকুরের মতো এটো-কাটা ঘাঁটাঘাঁটি ভুলে
পৃথিবীর আয়নায় মুখ রেখে জামা জুতো পরে
সূর্যের বল্লম হাতে, একবার অশ্বারোহী হও।

বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০

পৃথক পাহাড় – হেলাল হাফিজ

আমি আর কতোটুকু পারি ?

কতোটুকু দিলে বলো মনে হবে দিয়েছি তোমায়,
আপাতত তাই নাও যতোটুকু তোমাকে মানায়।

ওইটুকু নিয়ে তুমি বড় হও,
বড় হতে হতে কিছু নত হও
নত হতে হতে হবে পৃথক পাহাড়,
মাটি ও মানুষ পাবে, পেয়ে যাবে ধ্রুপদী আকাশ।

আমি আর কতোটুকু পারি ?
এর বেশি পারেনি মানুষ।

সোমবার, ৪ নভেম্বর, ২০১৯

আমাকে ছেড়ে যাওয়ার পর ___হুমায়ুন আজাদ

আমাকে ছেড়ে যাওয়ার পর শুনেছি তুমি খুব কষ্টে আছো।
তোমার খবরের জন্য যে আমি খুব ব্যাকুল,
তা নয়। তবে ঢাকা খুবই ছোট্ট শহর। কারো কষ্টের
কথা এখানে চাপা থাকে না।

শুনেছি আমাকে ছেড়ে যাওয়ার পর তুমি খুবই কষ্টে আছো।
প্রত্যেক রাতে সেই ঘটনার পর নাকি আমাকে মনে পড়ে
তোমার। পড়বেই তো, পৃথিবীতে সেই ঘটনা
তুমি-আমি মিলেই তো প্রথম সৃষ্টি করেছিলাম।

যে-গাধাটার হাত ধরে তুমি আমাকে ছেড়ে গেলে সে নাকি এখনো
তোমার একটি ভয়ংকর তিলেরই খবর পায় নি।
ওই ভিসুভিয়াস থেকে কতটা লাভা ওঠে তা তো আমিই প্রথম
আবিষ্কার করেছিলাম। তুমি কি জানো না গাধারা কখনো
অগ্নিগিরিতে চড়ে না?

তোমার কানের লতিতে কতটা বিদ্যূৎ আছে, তা কি তুমি জানতে?
আমিই তো প্রথম জানিয়েছিলাম ওই বিদ্যূতে
দপ ক'রে জ্বলে উঠতে পারে মধ্যরাত।
তুমি কি জানো না গাধারা বিদ্যূৎ সম্পর্কে কোনো
খবরই রাখে না?

আমাকে ছেড়ে যাওয়ার পর শুনেছি তুমি খুব কষ্টে আছো।
যে-গাধাটার সাথে তুমি আমাকে ছেড়ে চ'লে গেলে সে নাকি ভাবে
শীতাতপনিয়ন্ত্রিত শয্যাকক্ষে কোনো শারীরিক তাপের
দরকার পড়ে না। আমি জানি তোমার কতোটা দরকার
শারীরিক তাপ। গাধারা জানে না।

আমিই তো খুঁজে বের করেছিলাম তোমার দুই বাহুমূলে
লুকিয়ে আছে দু'টি ভয়ংকর ত্রিভুজ। সে-খবর
পায় নি গাধাটা। গাধারা চিরকালই শারীরিক ও সব রকম
জ্যামিতিতে খুবই মূর্খ হয়ে থাকে।

তোমার গাধাটা আবার একটু রাবীন্দ্রিক। তুমি যেখানে
নিজের জমিতে চাষার অক্লান্ত নিড়ানো, চাষ, মই পছন্দ করো,
সে নাকি আধ মিনিটের বেশি চষতে পারে না। গাধাটা জানে না
চাষ আর গীতবিতানের মধ্যে দুস্তর পার্থক্য!

তুমি কেনো আমাকে ছেড়ে গিয়েছিলে? ভেবেছিলে গাড়ি, আর
পাঁচতলা ভবন থাকলেই ওষ্ঠ থাকে, আলিঙ্গনের জন্য বাহু থাকে,
আর রাত্রিকে মুখর করার জন্য থাকে সেই
অনবদ্য অর্গান?

শুনেছি আমাকে ছেড়ে যাওয়ার পর তুমি খুবই কষ্টে আছো।
আমি কিন্ত কষ্টে নেই; শুধু তোমার মুখের ছায়া
কেঁপে উঠলে বুক জুড়ে রাতটা জেগেই কাটাই, বেশ লাগে,
সম্ভবত বিশটির মতো সিগারেট বেশি খাই।

মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০১৯

তৃষ্ণা - হেলাল হাফিজ---যে জলে আগুন জ্বলে

কোনো প্রাপ্তিই পূর্ণ প্রাপ্তি নয়

কোনো প্রাপ্তির দেয় না পূর্ণ তৃপ্তি

সব প্রাপ্তি ও তৃপ্তি লালন করে

গোপনে গহীনে তৃষ্ণা তৃষ্ণা তৃষ্ণা।

আমার তো ছিলো কিছু না কিছু যে প্রাপ্য

আমার তো ছিলো কাম্য স্বল্প তৃপ্তি

অথচ এ পোড়া কপালের ক্যানভাসে

আজন্ম শুধু শুন্য শুন্য শুন্য।

তবে বেঁচে আছি একা নিদারুণ সুখে

অনাবিষ্কৃত আকাঙ্ক্ষা নিয়ে বুকে

অবর্ণনীয় শুশ্রূষাহীন কষ্টে

যায় যায় দিন ক্লান্ত ক্লান্ত ক্লান্ত।

বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০১৯

অমিমাংসিত সন্ধি – হেলাল হাফিজ

তোমাকে শুধু তোমাকে চাই, পাবো?
 পাই বা না পাই এক জীবনে তোমার কাছেই যাবো।
ইচ্ছে হলে দেখতে দিও, দেখো 
 হাত বাড়িয়ে হাত চেয়েছি রাখতে দিও, রেখো
অপূণতায় নষ্টে-কষ্টে গেলো 
 এতোটা কাল, আজকে যদি মাতাল জোয়ার এলো 
এসো দু’জন প্লাবিত হই প্রেমে 
 নিরাভরণ সখ্য হবে যুগল-স্নানে নেমে।
থাকবো ব্যাকুল শর্তবিহীন নত 
 পরস্পরের বুকের কাছে মুগ্ধ অভিভূত।

সোমবার, ১০ জুন, ২০১৯

জিজীবিষা মুভি থেকে সংকলিত

দেহের শিকড় গিয়েছে নেমে
বহুযুগ আগের পাতালে,
এদেশের কাঞ্চন জংখ
বহুযুগ দেখিনি সূর্যদয়,
এখন বুক জুড়ে ঢেউ ওঠে না
মন্থনে জাগে ভয়।
এ শরীর আজ ভিজেছে প্রথমবার বর্ষায়
এ শরীর মাটি শোধা গন্ধে অবুজ
এ শরীরের কানায় কানায় প্রেম
এ শরীরের উপত্যকায় আজ লাভা
আজ সর্বহারার দু'হাতে আকুতি
কান্না ভেজা কাব্যে।
মন চলে নিজন নিকেতনে
কাঙগালিনীর সৌভাগ্যে,
অনেক ত হল পথ চলা
অনেক স্বপ্ন স্বপ্ন খেলা
রাত পরীদের ভীরে এসিড জলে ভেজা
আমার ক্লন্ত পায়ে নোখে,
আজ রক্তের রঙ মিথ্যে,
আজ শেকল কাটা ঠোঁটে
সব কালশিরে দের বায়নায়
নিজেকে চিনে নেওয়া
সেই মন কেমনের আয়নায়।
এ শরীর চিনেছে এক অবুঝ নড়াচড়া,
এ শরীরে ফুটছে নিস্পাপ কোনো ফুল,
এ জীবন সত্য যুগের শেষে,
এ শরীরে মধ্যযুগীয় ভুল।
আমার নির্লজ্জ দেহে
এখন মেঘের পালক ভারী
পাজর খুবলে হৃদয় বলছে,
তুমি এবার সংসারী।
আঙুলের ফাকে গলেছে এক মুঠো বালি
আরো কিছু মুঠো সময়,
কিছু মিথ্যে আধিক্ষেতায়,
আজ মুঠো খোলে দেখি হারানো আংটি।
অনেক ত হল পথ চলা,
রাত জেগে অনেক সীতা হরন পালা
আজ সাঙ্গপালা।
শতাব্দী প্রাচীন সকুন তলায়
শেষ হয়নি পথ চলা
আজ আলোক বর্ষ পেরিয়ে আবার
তোমার কাছে ফেরা
এবার সত্যিই ঘরে ফেরা।

শুক্রবার, ১৭ মে, ২০১৯

কবিতাংশ

"প্রকৃতি, সমাজ, পৃথিবী
অনায়েষে বদলে যাচ্ছে,
বাট এই মানুষটা (আমি) এখনো বদলাই নি!!"

সোমবার, ৬ মে, ২০১৯

ফুটপাত

ফুটপাত গুলো চারলেনে হওয়া চাই।
এক লেনে হকারীরা বসবে,
এক লেনে পথচারী পারাপার।
এক লেনে প্রেমিক যুগল নির্ভীগ্নে
প্রেমকরে বেড়াবে,
এক লেনে আমার মতো উদাসিরা বিড়ি ফুকবে আর
আকাশ দেখবে।

কবিতাংশ - ফি রো জ পা টো য়া রী

ভালবাসার আড়ালে থেকে ভালবাসি তাও
আবার পৃথিবীর অবাধ্য হয়ে।
পৃথিবী বার বার বলেছিল ফিরে আয়!
ফিরে আয় ...........................
আমি আসিনি
কারন?
.
.
.
.
.
আমি তোমাকে ভালবাসি।

রবিবার, ৫ মে, ২০১৯

পূর্ণিমার অন্ধকার ।। শুভ্রজিৎ বড়ুয়া

পূর্ণিমার অন্ধকার ।। শুভ্রজিৎ বড়ুয়া

এখানে অন্ধকার, বাইরে পূর্ণিমার চাঁদ
অনেকের জীবন হয়তো বদলে যাবে
অনেকের জীবনে আসবে না কোনো বিস্ময়;
আমার আত্মার ভেতরে ভালোবাসা, বসন্তের প্রলাপ
কোনো ঝড় বদলাবে না এ অভ্যাস।
রাতের রাস্তায় ছড়িয়ে পড়ছে রূপালী আলো
এবং আমার আত্মার ছিন্ন-বিচ্ছিন্ন পঙ্কতিমালা,
একটি দুঃস্বপ্নের মতো তারা মিশে যাচ্ছে
মৃত্যুর মতো জন্মের নিবিড় সম্পর্কে।
সবুজ ঘাসের উপর কুয়াশা শুয়ে আছে
তার উপরে আমার নিথর দেহ,
আমার কোনো অনুভূতি নেই
সব যেন হারিয়ে গেছে বিষাদের মিছিলে।
এ নয় আমার খেয়ালী চিন্তা, নয় কোনো প্রলাপ;
বাইরে কী সুন্দর পূর্ণিমা!
আমার চারপাশে ঘন অন্ধকার।
হয়তো কাল বদলে যাবে অনেকেই,
কারো জীবনে হয়তো আসবে না কোনো বিস্ময়।

ভূমিতি - শুভ্রজিৎ বড়ুয়া

ভূমিতি ।। শুভ্রজিৎ বড়ুয়া

ভূমিষ্ঠ হওয়ার আগে থেকে আমি হাঁটছি।
কখনো শূন্যে, কখনো অরণ্যে
কখনো বাতাসে, কখনো আকাশে,
কখনো আবার স্থলে বা জলে।
মায়ের গর্ভেও আমি হেঁটেছি;
অনুরণন থেকে নিউরনে
আমার যাতায়াত ছিল হরহামেশা।
আমাকে ভূমিষ্ঠ করার আহবানে
পৃথিবী যখন আলোড়িত
তখনও সে ডাক আমার ইশারা বঞ্চিত।
কিন্তু তার ভালোবাসাকে উপেক্ষার জোর
আমার কখনোই ছিল না।
তাই অনিচ্ছা সত্ত্বেও
দ্বিধাহীন সারল্যে ভূমিষ্ঠ হলাম,
মুখোশে ঢাকা মানুষ হয়েছি
তাকে কাছে পাবার প্রলোভনে।
অনেক বোঝা না বোঝার পর
একসময় আমি বুঝতে শিখলাম,
জানতে শিখলাম- এসব বড্ড অর্থহীন।
অতঃপর আমার পরিবর্তন হলো;
পানি থেকে যেভাবে আলাদা হয়ে যায়
অক্সিজেন ও হাইড্রোজেন
তেমনি ভালোবাসা থেকে বেরিয়ে আসলো-
মোহ ও ভ্রম।
এতে সারল্য ছিলো, বোধের প্রাচুর্য ছিলো;
কিন্তু কেউ তা বুঝতে রাজী হলো না।
মোহ ও ভ্রম ব্যতীত ভালোবাসা দুর্বোধ্য
এখানে উন্মাদীয় প্রকাশ নেই।
তখন ছেড়ে আসি আমার আগমনী লক্ষ্য
মগজের প্রশ্রয়ে গড়ে নিলাম- জীবন।
তখনই আমার বৈরাগ্য আসে
বৈরাগ্য আসে- জীবনের প্রতিটি বোধে;
বোধ আমাকে শেখায়-
জীবন সবচেয়ে বড় প্রতিষ্ঠান
জন্মের সূচনা থেকে মৃত্যু
আমরা দস্তুর প্রাতিষ্ঠানিক।
আর আমি হেরে যাই সময়ের কাছে
যে সময় তোমাকে নিয়ে চলে গেছে
দূর থেকে বহুদূরে
যেখানে আমার জন্মের একমাত্র লক্ষ্য
পথভ্রষ্ট হয়ে পড়ে থাকে সময়ের অনেক পিছনে।

ভূমিতি - শুভ্রজিৎ বড়ুয়া

ভূমিতি ।। শু ভ্র জি ৎ ব ড়ু য়া

ভূমিষ্ঠ হওয়ার আগে থেকে আমি হাঁটছি।
কখনো শূন্যে, কখনো অরণ্যে
কখনো বাতাসে, কখনো আকাশে,
কখনো আবার স্থলে বা জলে।
মায়ের গর্ভেও আমি হেঁটেছি;
অনুরণন থেকে নিউরনে
আমার যাতায়াত ছিল হরহামেশা।
আমাকে ভূমিষ্ঠ করার আহবানে
পৃথিবী যখন আলোড়িত
তখনও সে ডাক আমার ইশারা বঞ্চিত।
কিন্তু তার ভালোবাসাকে উপেক্ষার জোর
আমার কখনোই ছিল না।
তাই অনিচ্ছা সত্ত্বেও
দ্বিধাহীন সারল্যে ভূমিষ্ঠ হলাম,
মুখোশে ঢাকা মানুষ হয়েছি
তাকে কাছে পাবার প্রলোভনে।
অনেক বোঝা না বোঝার পর
একসময় আমি বুঝতে শিখলাম,
জানতে শিখলাম- এসব বড্ড অর্থহীন।
অতঃপর আমার পরিবর্তন হলো;
পানি থেকে যেভাবে আলাদা হয়ে যায়
অক্সিজেন ও হাইড্রোজেন
তেমনি ভালোবাসা থেকে বেরিয়ে আসলো-
মোহ ও ভ্রম।
এতে সারল্য ছিলো, বোধের প্রাচুর্য ছিলো;
কিন্তু কেউ তা বুঝতে রাজী হলো না।
মোহ ও ভ্রম ব্যতীত ভালোবাসা দুর্বোধ্য
এখানে উন্মাদীয় প্রকাশ নেই।
তখন ছেড়ে আসি আমার আগমনী লক্ষ্য
মগজের প্রশ্রয়ে গড়ে নিলাম- জীবন।
তখনই আমার বৈরাগ্য আসে
বৈরাগ্য আসে- জীবনের প্রতিটি বোধে;
বোধ আমাকে শেখায়-
জীবন সবচেয়ে বড় প্রতিষ্ঠান
জন্মের সূচনা থেকে মৃত্যু
আমরা দস্তুর প্রাতিষ্ঠানিক।
আর আমি হেরে যাই সময়ের কাছে
যে সময় তোমাকে নিয়ে চলে গেছে
দূর থেকে বহুদূরে
যেখানে আমার জন্মের একমাত্র লক্ষ্য
পথভ্রষ্ট হয়ে পড়ে থাকে সময়ের অনেক পিছনে।

কেউ ভালো রাখেনি - শুভ্রজিৎ

কেউ ভালো রাখেনি - শুভ্রজিৎ

আমাকে কেউ ভালো রাখেনি; না ঈশ্বর, না
মেয়েটি।
সব রাতের মতো গতরাতেও আমি ঘুমাইনি, ঘুমোতে
পারিনি
দেখেছি- আকাশটা অন্ধকারের সাথে পাল্লা
দিয়ে কতটা রাত হয়েছে
বুঝেছি- পাথর কীভাবে অশ্রুজলে শেওলা সবুজে
গড়ে আবরণ।
আমাকে কেউ ভালো রাখেনি; না ঈশ্বর, না
মেয়েটি।
এবার আমি ঘন সবুজের ভেতর থেকে অন্ধকারে চলে
যাবে
তখনো যদি ভালো থাকাটা হয়ে যায় দূষ্প্রাপ্য,
তবে পাথর হয়ে যাবো সবুজ মুখোশের আলিঙ্গনে।
                                         
ডিসি হিল, চট্টগ্রাম।

কবির অনুপস্তিতি- শুভ্রজিৎ

কবির অনুপস্থিতি || শু ভ্র জি ৎ

ত্রিলোক ভেদ করে এসেছি তোমাদের শহরে
সমস্ত অলীক আমার দেখা
আমাকে জানলে
একদিন তোমরাও বলবে-
'আমরা কবিকে দেখেছিলাম।'
আচ্ছা বলতো-
কেন এলাম তোমাদের শহরে?
এখানে তো কোন মায়া নেই,
ভালোবাসার প্রকাশ ছলনায়,
স্বপ্নগুলো দূরাকাশে বন্দী
ছোঁয়া যায় না,
অনাহারিদের আর্তনাদে বাজে ত্রিলোকের
বিউগল;
আমি কি তবে অনাহারিদের আর্তনাদ শুনে এলাম?
না, না; শুধু তা কি হয়?
কত শতেক উদ্দেশ্যে এসেছি
অথচ এখন তার কিছুই মনে নেই!
এক রমণির জালে বন্দি হয়েছি
সে কি তবে সব ভুলিয়ে দিলো!
তবু মনে রেখো,
আমি তোমাদের জন্যই তোমাদের শহরে এসেছি
চলে যাবার পরে শহরের প্রতিটি ছন্দে
আমার নখের দাগ দেখা যাবে;
তখন চিৎকার করে তোমরাও বলবে-
'আমরা কবিকে দেখেছিলাম।'
ত্রিলোক ঘুরে জেনেছি
কোথাও কোন মিথ্যে নেই;
তোমরা যা ভাবো তা মিথ্যে নয়
বেঁচে থাকার একটি পথ।
যত ঘনিষ্টতা বাড়ে মানুষ তত মিথ্যে বলে
কেননা সে দম নিতে চায়।
ত্রিলোকে ঘুরে জেনেছি
কোথাও কোন অপরাধ নেই;
পৃথিবীটাকে ভোগের করেছো বলেই
অক্ষমরা লোভে ডুবে ভোগকারীদের
লুট করে, হত্যা করে।
তোমাদের শহরটা কোন জীব নয়, জড়
তোমাদের রঙে সাজে, তোমাদের তালে বাজে
দোষ দিও না, নিও না
সাজাও নিজের মতো করে;
দেখবে, আমি যা বলেছি তা-ই হবে।
তখনই তোমরা মেতে উঠবে উল্লাসে
জোড়া চোখে গঙ্গা নামিয়ে বলবে-
'আমরা কবিকে দেখেছিলাম'।

শনিবার, ৪ মে, ২০১৯

যদি বাসোই - তসলিমা নাসরিন

যদি বাসোই - তসলিমা নাসরিন

তুমি যদি ভালোই বাসো আমাকে, ভালোই যদি
বাসো,
তবে বলছো না কেন যে ভালো বাসো! কেন
সব্বাইকে জানিয়ে দিচ্ছ না যে
ভালোবাসো!
আমার কানের কাছেই যত তোমার দুঃসাহস!
যদি ভালোবাসো, ওই জুঁইফুলটি কেন জানে না যে
ভালোবাসো!
ফুলটির দিকে এত যে চেয়ে রইলাম, আমাকে একবারও
তো বললো না যে ভালোবাসো!
এ কীরকম ভালোবাসা গো! কেবল আমার সামনেই
নাচো!
এরকম তো দুয়োর বন্ধ করে চুপি চুপি তুমি যে কারও
সামনেই নাচতে পারো।
আমি আর বিশ্বাস করছি না, যতই বলো।
আগে আমাকে পাখিরা বলুক, গাছেরা গাছের
পাতারা ফুলেরা বলুক,
আকাশ বলুক, মেঘ বৃষ্টি বলুক, রোদ বলুক চাঁদের আলো
বলুক, নক্ষত্ররা বলুক,
পাড়া পড়শি বলুক, হাট বাজারের লোক বলুক, পুকুরঘাট
বলুক, পুকুরের জল বলুক যে
তুমি ভালোবাসো আমাকে!
শুনতে শুনতে যখন আর তিষ্ঠোতে না পারবো তখন
তোমাকে ওই চৌরাস্তায় তুলে
একশ
লোককে দেখিয়ে চুমু খাবো, যা হয় হবে।
ভালোবাসা কি গোপন করার জিনিস! দেখিয়ে
দেখিয়েই তো
শুনিয়ে শুনিয়েই তো ভালোবাসতে হয়।
ভালোবাসা নিয়ে আমরা জাঁকালো উৎসব করবো,
ধেই ধেই নাচবো, নাচাবো,
সুখবর বুঝি আমরা চারদিকে ঢোল বাজিয়ে জানিয়ে
দিই না!
জুইঁফুলটি যেদিন বলবে যে তুমি আমাকে
ভালোবাসো, সেদিনই কিন্তু তোমাকে
বলবো যে
তোমাকেও বাসি, তার আগে একটুও নয়।

মুক্তি - তসলিমা নাসরিন

মুক্তি - তসলিমা নাসরিন

যদি ভুলে যাবার হয়, ভুলে যাও।
দূরে বসে বসে মোবাইলে, ইমেইলে হঠাৎ হঠাৎ
জ্বালিয়ো না,
দূরে বসে বসে নীরবতার বরফ ছুড়ে ছুড়ে এভাবে
বিরক্তও করো না।
ভুলে গেলে এইটুকু অন্তত বুঝবো ভুলে গেছো,
ভুলে গেলে পা কামড়ে রাখা জুতোগুলো খুলে
একটু খালি পায়ে হাঁটবো,
ভুলে গেলে অপেক্ষার কাপড়চোপড় খুলে একটু স্নান
করবো,
ভুলে গেলে পুরোনো গানগুলো আবার বাজাবো,
ভুলে গেলে সবগুলো জানালা খুলে একটু
এলোমেলো শোবো।
রোদ বা জোৎস্না এসে শরীরময় লুকোচুরি খেলে
খেলুক, আমি না হয় ঘুমোবো,
ঘুমোবো ঘুমোবো করেও নিশ্চিন্তের একটুখানি ঘুম
ঘুমোতে পারিনা কত দীর্ঘদিন!
কেবল অপেক্ষায় গেছে। না ঘুমিয়ে গেছে।
জানালায় দাঁড়িয়ে গেছে।
কেউ আমাকে মনে রাখছে, কেউ আমাকে মনে
মনে খুব চাইছে, সমস্তটা চাইছে,
কেউ দিনে রাতে যে কোনও সময় দরজায় কড়া
নাড়বে,
সামনে তখন দাঁড়াতে হবে নিখুঁত, যেন চুল, যেন মুখ,
যেন চোখ, ঠোঁট,
যেন বুক, চিবুক এইমাত্র জন্মেছে, কোথাও ভাঙেনি,
আঁচড় লাগেনি, ধুলোবালি ছোঁয়নি।
হাসতে হবে রূপকথার রাজকন্যার মতো,
তার ক্ষিধে পায় যদি, চায়ের তৃষ্ঞা পায় যদি!
সবকিছু হাতের কাছে রাখতে হবে নিখুঁত!
ভালোবাসতে হবে নিখুঁত!
নিমগ্ন হতে হবে নিখুঁত!
ক্ষুদ্র হতে হবে নিখুঁত!
দুঃস্বপ্নকে কত কাল সুখ নামে ডেকে ডেকে
নিজেকে ভুলিয়েছি!
ভুলে যেতে হলে ভুলে যাও, বাঁচি।
যত মনে রাখবে, যত চাইবে আমাকে, যত কাছে
আসবে,
যত বলবে ভালোবাসো, তত আমি বন্দি হতে থাকবো
তোমার হৃদয়ে, তোমার জালে,
তোমার পায়ের তলায়, তোমার হাতের মুঠোয়,
তোমার দশনখে।
ভুলে যাও, মুখের রংচংগুলো ধুয়ে একটু হালকা হই,
একটুখানি আমি হই।

দ্বিখন্ডিত - তসলিমা নাসরিন

দ্বিখন্ডিত
- তসলিমা নাসরিন

সে তোমার বাবা, আসলে সে তোমার কেউ নয়
সে তোমার ভাই, আসলে সে তোমার কেউ নয়
সে তোমার বোন, আসলে সে তোমার কেউ নয়
সে তোমার মা, আসলে সে তোমার কেউ নয় ।
তুমি একা
যে তোমাকে বন্ধু বলে, সেও তোমার কেউ নয় ।
তুমি একা।
তুমি যখন কাঁদো, তোমার আঙুল
তোমার চোখের জল মুছে দেয়, সেই আঙুলই তোমার
আত্মীয়।
তুমি যখন হাঁটো, তোমার পা
তুমি যখন কথা বলো, তোমার জিভ
তুমি যখন হাসো, তোমার আনন্দিত চোখই তোমার
বন্ধু।
তুমি ছাড়া তোমার কেউ নেই
কোন প্রানী বা উদ্ভিদ নেই।
তবু এত যে বলো তুমি তোমার,
তুমিও কি আসলে তোমার ?

প্রেম - তসলিমা নাসরিন

প্রেম
-তসলিমা নাসরিন

যদি আমাকে কাজল পড়তে হয়
তোমার জন্য ,
চুলে মুখে রং মাখতে হয়,
গায়ে সুগন্ধী ছিটোতে হয়,
সবচেয়ে ভালো শাড়িটা যদি পড়তে হয়,
শুধু
তুমি দেখবে বলে মালাটা চুড়িটা পড়ে সাজতে হয়,
যদি তলপেটের মেদ,
যদি গলার বা চোখের কিনারের
ভাঁজ কায়দা করে লুকোতে হয়,
তবে তোমার সঙ্গে অন্য কিছু, প্রেম
নয় আমার।
প্রেম হলে আমার যা কিছু
এলোমেলো,
যা কিছু খুঁত,যা কিছুই ভুলভাল অসুন্দর
থাক, সামনে দাঁড়াবো,
তুমি ভালবাসবে।
কে বলেছে প্রেম খুব সহজ, চাইলেই
হয়!
এত যে পুরুষ চারিদিকে, কই, প্রেমিক
তো দেখি না!

It is a personal expression of social media. Expressions are expressed in the context.

এই ব্লগটি সন্ধান করুন

আমার ব্লগ তালিকা

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

অনুসরণকারী